ঢাকার ধামরাই এর ঐতিহ্যবাহী ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম খান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে প্রেসক্লাবের ২৪ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শামীম খান ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল ২১-এর প্রতিনিধি আমিনুর রহমান পান ১০ ভোট। সহসভাপতি পদে দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার শ্রী কার্তিক ঘোষ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জিত কুমার পাল পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ২১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সময়ের প্রতিনিধি কাজী মিজানুর রহমান পান ৩ ভোট।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের কাগজের আলাল হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের মামুন আহমেদ জয়, অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল এস-এর সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের সময়ের মোশারফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। তাঁর তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

গ্রিন টিভি বাংলা ডেস্ক : 








